হোম / আহতদের তালিকা / নুর উদ্দিন
নুর উদ্দিন

নুর উদ্দিন

জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

📝 সংক্ষিপ্ত পরিচিতি

“সন্তানদের মানুষ করার স্বপ্ন বুকে নিয়েই প্রতিদিন কাজে বের হই, ২০ জুলাই সেই বুকেই বিঁধেছিল ঘাতকের বুলেট”—ফেনীর সোনাগাজীর সাহসী সন্তান নুর উদ্দিনের জীবন আজ এক জীবন্ত ত্যাগগাথা। ১৯৮৩ সালে জন্ম নেওয়া নুর উদ্দিন রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় বসবাস করে ‘আবেদ প্রডাক্টস’ নামক কার্টুন ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। ২৫ হাজার টাকা আয়ে স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যৎ গড়তে দিনরাত পরিশ্রম করতেন তিনি।

২০২৪ সালের ২০ জুলাই; বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে শনির আখড়া ব্রিজের ওপর ছাত্র-জনতার উত্তাল মিছিলে শামিল হন তিনি। বিকেল ৫টা ৩০ মিনিটে কোনো আগাম সতর্কতা ছাড়াই পুলিশ ও আওয়ামী ক্যাডাররা ভবনগুলোর ছাদ থেকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করলে একটি বুলেট নুর উদ্দিনের বুক বিদীর্ণ করে ভেতরে ঢুকে যায়। রক্তে রঞ্জিত নুর উদ্দিন রাজপথে লুটিয়ে পড়লে সহযোদ্ধারা তাকে কাকরাইল ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান।

দীর্ঘ অস্ত্রোপচার ও চিকিৎসার পর নুর উদ্দিন প্রাণে বেঁচে ফিরলেও তার জীবন আর আগের মতো নেই। ১ লক্ষ ২০ হাজার টাকা ঋণের বোঝা নিয়ে তিনি এখন বড়ই অসহায়। বুকে বুলেটের গভীর ক্ষত নিয়ে আগের মতো ভারী কাজ করতে পারছেন না। যদিও ফ্যাক্টরি কর্তৃপক্ষ জুলাই বিপ্লবের বীর হিসেবে তাকে সম্মানের সাথে চাকরিতে বহাল রেখেছে, কিন্তু শারীরিক দুর্বলতা তাকে প্রতিনিয়ত যন্ত্রণার জানান দেয়। অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সানিয়া আর হিফজ পড়ুয়া ছেলে নুর হোসেনের ভবিষ্যৎ আজ এই ক্ষতবিক্ষত বুকের ওপরই নির্ভর করছে।

🩸 আহত হওয়ার ঘটনা ও বিস্তারিত বর্ণনা

নুর উদ্দিন জন্মগ্রহণ করেন ১৯৮৩ সালের ২ মে, ফেনী জেলার সোনাগাজী উপজেলার দক্ষিণ পূর্ব চর চান্দিয়া গ্রামে। গ্রামের কৃষক পরিবারের সন্তান তিনি। তার পিতা আলি আকবর, একজন খাঁটি মাটির মানুষ। পেশায় কৃষক, এখন বয়স ৬৫ বছর। তিনি সারাজীবন হালচাষ করে পরিবার চালিয়েছেন। মা নুর জাহান একজন গৃহিণী, বয়স ৫০ বছর, যিনি সারা জীবন সংসার সামলিয়ে সন্তানদের বড় করেছেন। নুর উদ্দিনের পরিবারটি সংগ্রামী, স্বল্পআয়ের হলেও সকলে ঐক্যবদ্ধ। তাদের চার ভাই-বোনের মধ্যে নুর উদ্দিন দ্বিতীয়। বড় ভাই মো: ইসরাফিল বর্তমানে ভ্যান চালক, বয়স ৩৫ বছর, শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি। ছোট ভাই মো: জাহাঙ্গীরের বয়স ৩০ বছর। তিনি একজন অটোরিকশা চালক। বোন মুন্নি আক্তার গৃহিণী, বয়স ২৫ বছর, নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন।
কর্মজীবন ও জীবন সংগ্রাম
দীর্ঘদিন আগে জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন নুর উদ্দিন। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়ার শেখদি মহল্লায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে আব্দুল্লাহ মোল্লা স্কুল রোডের পাশে ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করছেন। জীবিকার জন্য কার্টুন তৈরির একটি ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটির নাম “আবেদ প্রডাক্টস”। তিনি ফ্যাক্টারিতে ধীরেধীরে তার সততা ও বিশ্বাস দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। দিন-রাত একভাবে পরিশ্রম করে ১০,০০০ টাকা বেতন থেকে বর্তমানে তার মাসিক আয় ২৫,০০০ টাকা। তবুও রাজধানীর খরচ, সন্তানদের লেখাপড়া এবং গ্রামে থাকা বাবা-মায়ের খরচ মেটাতে গিয়ে হাতে কিছুই থাকে না। তবুও হাল ছাড়েননি। তিনি একজন নিষ্ঠাবান, পরিশ্রমী ও আত্মনির্ভরশীল।
পরিবার ও সন্তানের স্বপ্ন
নুর উদ্দিনের সংসারে রয়েছে তার স্ত্রী এবং দুই সন্তান। বড় মেয়ে সানিয়া আক্তার বর্তমানে শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ছে। মেয়ে বড় হয়ে একজন শিক্ষিকা হতে চায়। ছোট ছেলে নুর হোসেন হিফজুল কুরআন বিভাগে পড়ছে সুফিয়া মকবুল মাদ্রাসায়। সে হাফেজ হতে চায়। সন্তানের ভবিষ্যতের জন্য নুর উদ্দিন সব সময় স্বপ্ন দেখেন। ভাবেন, সন্তানদের লেখাপড়া শেষ করে মানুষের মত মানুষ করবেন।
আওয়ামী সহিংসতা ও গুলিবিদ্ধ হওয়ার ভয়াবহ দিন
২০২৪ সালের ২০ জুলাই, বিকেল ৫টা ৩০ মিনিট। চারদিকে উত্তেজনা, জনরোষ, আন্দোলন আর পুলিশি দমনপীড়নের মধ্যে নুর উদ্দিন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ীর শনির আখড়া ব্রিজের উপরে আন্দোলনে যোগদান করেন। সেখানে বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে আগে থেকেই আওয়ামী অস্ত্রে সজ্জিত ছিল পুলিশ, র‌্যাব, ছাত্রলীগ, যুবলীগ, ও আওয়ামীলীগের ক্যাডাররা। হঠাৎ কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তারা গুলিবর্ষণ শুরু করে। গুলির শব্দে তটস্থ সবাই দিগ্বিদিক ছুটে পালায়। একটি গুলি এসে লাগে নুর উদ্দিনের বুকে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়েন তিনি। রাস্তার মাঝখানে পড়ে থাকেন নিথর দেহে। আশপাশের কয়েকজন তাকে টেনে এনে হাসপাতালে নিয়ে যান। জ্ঞান ফিরলে দেখেন তিনি কাকরাইল ইসলামিয়া হাসপাতালে।
চিকিৎসা ও পরবর্তী জীবন
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, গুলি তার বুকে গভীরভাবে ঢুকে গেছে। অস্ত্রোপচার করতে হয়। দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। এই চিকিৎসা বাবদ খরচ হয় প্রায় ১,২০,০০০ টাকা। অনেক টাকাই ধারদেনা করতে হয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও গুলির ক্ষত এখনো সারেনি। ক্ষতস্থানে প্রায়ই তীব্র ব্যথা অনুভব করেন তিনি। বর্তমানে আগের মতো কাজ করতে পারেন না। ভারি কাজ তো একেবারেই নয়। তবে ফ্যাক্টরির মালিকপক্ষ জুলাই বিপ্লবের বীরদেরকে সম্মান দেখিয়েছেন। নুর ভারী কাজ করতে না পারলেও কারখানা কতৃপক্ষ তাকে কিছু বলেন না। তবে একভাবে বসে থাকা তার জন্য ভীষণ কষ্টের। নুর উদ্দিনের জীবন যেন এই দেশের হাজারো শ্রমজীবী মানুষের প্রতীক। যারা আওয়ামী নিষ্ঠুরতার অংশ হয়ে যান। তাদের পাশে দাঁড়ানো মানে কেবল একজন মানুষকে বাঁচানো নয়, বরং সমাজের প্রতি ন্যায়ের দায়িত্ব পালন করা।
প্রস্তবনা
১. নুর উদ্দিনের উপযোগী হালকা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে তিনি আবার নিজের পায়ে দাঁড়াতে পারবেন।
২. সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হলে তাদের জীবন অন্তত স্থিতিশীল হতে পারে।

এক নজরে নুর উদ্দিন
নাম : নুর উদ্দিন
জন্ম তারিখ : ০২-০৫-১৯৮৩
জন্মস্থান : ফেনী
পেশা : শ্রমিক, কার্টুন ফ্যাক্টরী
প্রতিষ্ঠান : আবেদ প্রডাক্টস
নিজ জেলা : ফেনী
স্থায়ী ঠিকানা : গ্রাম: দক্ষিণ পূর্ব চর চান্দিয়া, ইউনিয়ন : বহদ্দার হাট ৩৯৩০, থানা: সোনাগাজী, জেলা : ফেনী
বর্তমান ঠিকানা : মহল্লা: শেখদি, আব্দুল্লাহ মোল্লা স্কুল রোড সংলগ্ন, এলাকা : দনিয়া, থানা: যাত্রাবাড়ী, জেলা : ঢাকা

পরিবার সংক্রান্ত তথ্য
পিতার নাম : আলি আকবর
পিতার পেশা : কৃষক, বয়স : ৬৫
মায়ের নাম : নুর জাহান
মায়ের পেশা : গৃহিনী, বয়স : ৫০
মাসিক আয় : ২৫,০০০
আয়ের উৎস : চাকরি
পরিবারের সদস্য সংখ্যা : ৪ জন
ভাই-বোনদের বিবরণ
১. নাম: মো: জাহাঙ্গীর, বয়স: ৩০, পেশা: অটো, রিকশাচালক
২. নাম: মো: ইসরাফিল, বয়স: ৩৫, পেশা: ভ্যানচালক, শিক্ষাগত যোগ্যতা: ৫ম শ্রেণি
৩. নাম: মোসা: মুন্নি আক্তার, বয়স: ২৫ বছর, পেশা: গৃহিণী, শিক্ষাগত যোগ্যতা: ৯ম শ্রেণি
বিবাহিত হলে সন্তানদের বিবরণ
১. সানিয়া আক্তার, বয়স: ১৬, পেশা: ছাত্র, শ্রেণি: ৮ম, প্রতিষ্ঠান : শেখদী আব্দুল্লাহ মোল্লা স্কুল এন্ড কলেজ
২. মো: নুর হোসেন, বয়স : ১১, পেশা: ছাত্র, শ্রেণি: হিফজুল কুরআন, প্রতিষ্ঠান: সুফিয়া মকবুল মাদরাসা
ঘটনার স্থান : যাত্রাবাড়ী, শনির আখড়া ব্রীজের উপর
আহত হওয়ার সময় : ২০/০৭/২০২৪, বিকাল: ৫.৩০ মিনিট
আক্রমণকারী : যাত্রাবাড়ী থানার পুলিশ
গুলি : বুকে গুলিবিদ্ধ
চিকিৎসা : কাকরাইল ইসলামিয়া হসপিটাল, ঢাকা

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍